রোববার, ২৪ মে ২০২৬ , ০৯:৪৪ এএম
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দুই প্রান্ত মিলিয়ে ২৪ ঘণ্টায় মোট ৩২ হাজার ৬৪৯টি যানবাহন যমুনা সেতু ব্যবহার করেছে। একই সময়ে মোট টোল আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৯০০ টাকা।
শনিবার (২৩ মে) ২৪ ঘণ্টায় সেতুর পূর্ব প্রান্ত দিয়ে ১৬ হাজার ৭৫৩টি যানবাহন চলাচল করেছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৯ লাখ ৭ হাজার ১৫০ টাকা।
অন্যদিকে, পশ্চিম প্রান্ত দিয়ে পারাপার হয়েছে ১৫ হাজার ৮৯৬টি যানবাহন। এ খাত থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৭ লাখ ৬২ হাজার ৭৫০ টাকা।
এর আগে শুক্রবার (২২ মে) ২৪ ঘণ্টায় সেতুটি দিয়ে ৩৪ হাজার ৯৬৬টি যানবাহন পারাপার হয়েছিল। সেদিন টোল আদায় হয়েছিল ৩ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৪০০ টাকা। সেই হিসাবে একদিনের ব্যবধানে যানবাহন পারাপার কমেছে ২ হাজার ৩১৭টি এবং টোল আদায় কমেছে ২৭ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন গণমাধ্যমকে বলেন, সেতুর উভয় প্রান্তে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।
দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রায় ২২ জেলার মানুষের সড়কপথে যাতায়াতের প্রধান মাধ্যম যমুনা সেতু। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াতের জন্য এসব জেলার অধিকাংশ যানবাহন এই সেতু ব্যবহার করে।
আরটিভি/এমএইচজে