রোববার, ২৪ মে ২০২৬ , ১১:৪৬ এএম
গাজীপুরের কালিয়াকৈরে বিদ্যুতের খুঁটিতে ইন্টারনেটের তার ঠিক করতে গিয়ে সোহান নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার ভাথারিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে উপজেলার ভাথারিয়া এলাকায় ইন্টারনেট ব্যবসায়ী রিপন হোসেনের এক কর্মচারী নিজেদের তার মেরামত করার জন্য বিদ্যুতের খুঁটির ওপরে উঠে। মেরামত শেষে নিচে নামার সময় ওই খুঁটির বৈদ্যুতিক তারে ঝুলে পড়ে। খবর দেওয়া হলে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ওই কর্মচারীকে জীবিত অবস্থায় উদ্ধার করে। তবে তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে যাওয়ায় ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ইন্টারনেট মালিকরা বিভিন্ন বাসায় সংযোগ দিতে ঝুঁকিপূর্ণ জেনেও বৈদ্যুতিক খুঁটি ব্যবহার করছেন।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আরিফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সোহান নামে ওই যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তার শরীরের বিভিন্ন অংশে পুড়ে গেছে।
কালিয়াকৈর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের প্রকৌশলী সাহারুল ইসলাম জানান, দেশের সব জায়গাতেই বৈদ্যুতিক খুঁটি ব্যবহার করে ইন্টারনেটের ব্যবসা করে আসছেন ব্যবসায়ীরা। খবর পেয়েছি খুঁটিতে উঠে এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম পিপিএম বার জানান, এ বিষয়ে এখনও থানায় কোনো অভিযোগ হয়নি।
আরটিভি/আইএম