রোববার, ২৪ মে ২০২৬ , ১২:১৬ পিএম
আধিপত্য নিয়ে বিরোধের জেরে কক্সবাজার আদালত চত্বরে বিএনপি নেতাকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে। গুলি লক্ষ্যভ্রষ্ঠ হলেও এতে একজন গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় হামলাকারীদের একজনকে বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৪ মে) বেলা ১১টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আলী জানান, কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার তার সহযোগীদের নিয়ে একটি মামলায় সাক্ষীর হাজিরা দিতে আদালতে যান। আদালতের সাক্ষ্য শেষ করে বের হওয়ার পথে জজ আদালতের দরজায় তাকে লক্ষ্য করে গুলি চালায় প্রতিপক্ষের লোকজন। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে লিয়াকতের চাচাতো ভাই মঈনুদ্দীনের পায়ে বিদ্ধ হয়।
পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলা ঘটিয়েছে প্রতিপক্ষ। ঘটনাস্থল থেকে পালানোর সময় হামলাকারী জিয়াউল হক জিয়াকে ১টি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে। আহত মঈনুদ্দিনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
আরটিভি/এমএইচজে