images

দেশজুড়ে

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ শিক্ষার্থীর

রোববার, ২৪ মে ২০২৬ , ০৬:২৯ পিএম

টাঙ্গাইলের বাসাইলে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন শিক্ষার্থী নিহত হয়েছে।

রোববার (২৪ মে) দুপুরে টাঙ্গাইল-বাসাইল সড়কের বাংড়া কালিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাংড়া গ্রামের প্রবাসী রফিক মিয়ার ছেলে তাকবির মিয়া (১৪), একই এলাকার শওকত আলীর ছেলে লিমন (১৩) ও সোলায়মানের ছেলে সায়মন (১৪)। তারা সবাই করটিয়া এইচ এম ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা গেছে, বাসাইল থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী একটি বেপরোয়া গতির সিএনজি চালিত অটোরিকশা বাংড়া কালিঘর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তাকবির মিয়ার মৃত্যু হয়। গুরুতর আহত লিমন ও সায়মনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিমনকে মৃত ঘোষণা করেন। পরে ঢাকায় নেওয়ার পথে মারা যায় সায়মন।

এ বিষয়ে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/টিআর