বুধবার, ২৭ মে ২০২৬ , ০৩:০২ পিএম
পূর্ব শত্রুতার জেরে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলায় এক যুবককে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষরা।
মঙ্গলবার (২৬ মে) রাত সাড়ে ১০টার দিকে আক্কেলপুর উপজেলার তিলকপুর হাটের জিরো পয়েন্টে এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাসুম হোসেন (২৮) নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের বাসিন্দা।
জানা যায়, প্রতিপক্ষের সঙ্গে জমিজমা নিয়ে মাসুমের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার রাতে তিলকপুর হাটের জিরো পয়েন্ট এলাকায় মাসুমের সঙ্গে প্রতিপক্ষ শিবলু রহমানসহ কয়েকজনের কথাকাটি হয়। এক পর্যায়ে তারা মাসুমের ওপর হামলা করে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে গুরুত্বর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালে নিয়ে নেওয়ার পথে তিনি মারা যান।
তিলকপুর ইউনিয়নের ওয়ার্ড মেম্বার ইয়াছিন আলী (নান্নু) বলেন, জমিজমা নিয়ে প্রায়ই দুইপক্ষের মধ্যে ঝগড়া হতো। শেষ পর্যন্ত যা হত্যায় রূপ নিলো।
তিনি আরও বলেন, এটি একটি ন্যাক্কারজনক ঘটনা। অন্যায় যেই করুক না কেন, তার দৃষ্টান্তমুলক শাস্তি হওয়া দরকার।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, মারধরের ঘটনা জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার মধ্যে হলেও নিহত ও হামলাকারীর বাড়ি নওগাঁ সদর থানায়। মরদেহ নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রয়েছে।
আরটিভি/আইএম