মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ১২:৪০ পিএম
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় তুচ্ছ ঘটনার জেরে এক মাদরাসা শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে।
সোমবার (৮ জুন) রাতে উপজেলার সারপুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
নিহত লিয়াকত আলী লাদেন (১৬) উপজেলার সারপুকুর ইউনিয়নের বালাটারী গ্রামের আশরাফুলের ছেলে ও স্থানীয় একটি মাদরাসার ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সারপুকুর ইউনিয়নের দাসপাড়া গ্রামের জুয়েলের ছেলে রাব্বি মোবাইল ফোন নিয়ে বিতর্কের জেরে লিয়াকত আলী লাদেনকে গাঁজাখোর বলে গালি দেয়। এতে ক্ষিপ্ত হয়ে লাদেন রাব্বিকে চড়-থাপ্পর দেয়। এর কিছু সময় পর লাদেন পাশের সারপুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে একা বসে থাকে।
এই সুযোগে রাব্বির বড় ভাই রকি পেছন দিক থেকে লাদেনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডা. ইমরুল হাসান বলেন, রাত ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় লাদেনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আমরা ক্ষতস্থান থেকে রক্তপাত বন্ধের চেষ্টা করি। পাশাপাশি জরুরি চিকিৎসার অংশ হিসেবে অক্সিজেন, স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ প্রয়োগের প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু তার আগেই রোগী নিস্তেজ হয়ে যায়। পরে ইসিজি পরীক্ষার মাধ্যমে জানা যায়, লাদেন আর বেঁচে নেই।
আরটিভি/আইএম