মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ০১:১৮ পিএম
ফুলবল বিশ্বকাপ শুরুর হওয়ার আগেই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থনে এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে যশোর। ঢাক-ঢোল আর বাদ্যযন্ত্রের তালে রাজপথ কাঁপালেন দুদলের শত শত সমর্থক। নেচে-গেয়ে পুরো শহর জুড়ে শোডাউন করেন ভক্তরা।
সোমবার (৮ জুন) দুপুর গড়ার সঙ্গে সঙ্গে ব্রাজিল সমর্থকরা প্রিয় দলের হলুদ জার্সি পরে, জাতীয় পতাকা হাতে নিয়ে, বাঁশি বাজিয়ে বাঘারপাড়া পাইলট বিদ্যালয় মাঠে জড়ো হতে থাকেন। এ সময় বিভিন্ন বাধ্যযন্ত্রের তালে তালে নেচে উল্লাস করেন তারা। পরে শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে তারা পুরো শহর ঘুরে বেড়ায়। এ সময় সমর্থকদের উল্লাসে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ব্রাজিলপ্রেমীদের প্রত্যাশা এবারের আসরে ষষ্ঠবারের মতো (হেক্সা) বিশ্বকাপ জিতবে তাদের প্রিয় দল।

সাজ্জাদ হোসেন নামে এক ব্রাজিল সমর্থক জানান, ব্রাজিলের জার্সির বাম পাশে পাঁচ স্টার। ফুটবলের সৌন্দর্য ব্রাজিল। পাঁচটা স্টারের ওজনে আমাদের বামপাশ ভারি হয়ে যায়। এবার ব্রাজিল হেক্সা মিশন শেষ করবে।
তামিম নামে আরেক সমর্থক জানান, ব্রাজিলের ফুলবল দলের প্রতিটা খেলোড়য়ার বিশ্বের নামি-দামি ক্লাবে খেলে থাকে। ব্রাজিল দলের গোলকিপারকে সবাই বলে বাজপাখি। ছোটবেলা থেকে এ দলটি সাপোর্ট করি। গত বিশ্বকাপে বিশ্ববাসীকে হতাশ করলেও এবার নান্দনিক খেলার মধ্যে দিয়ে সমর্থকদের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবে।
অন্যদিকে, আর্জেন্টিনার সমর্থকরাও সমর্থকরা। বিশাল মোটরশোভাযাত্রা বের করেন তারাও। ছোট-বড় নীল-সাদা পতাকায় রঙিন হয়ে উঠে বাঘারপাড়া পৌর শহর। এ সময় স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ। প্রায় এক ঘণ্টা চলে তাদের এ কর্মসূচি। এ সময় পথচারী ও দোকানিরাও তাদের সঙ্গে স্লোগানে অংশ নিতে দেখা যায়। জাদুকরি ফুটবলার মেসির সমর্থকেরা এবারও বিশ্বকাপ জেতবার আশাবাদ ব্যাক্ত করেন।
রাকিব হোসেন নামে আর্জেন্টিনার এক সমর্থক জানান, এ রঙিন যুগে ব্রাজিল সমর্থকেরা বিশ্বকাপ নিতে দেখেনি। বিশ্বকাপ শুরু হলেই বলে হেক্সা মিশন শেষ করবে। বিশ্বকাপে দেখা যায় চোখের পানি আর নাকে পানি এক করে ফেলেছে। তিনি আরও জানান, ফুটবলের সৌন্দর্য হলো মেসি। আশাকরি নান্দনিক খেলার মধ্যে দিয়ে এবারও মেসির হাতে বিশ্বকাপ উঠবে।

আরেক সমর্থক জানান, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়ার মেসি আর্জেন্টিনার প্রাণ। ফুটবল মানে মেসি। চ্যাম্পিয়ন ট্রফি আরও একবার মেসি হাতে নেবেন, এমনটাই দেখতে চাই।
এদিকে, ফুটবল বিশ্বকাপ নিয়ে সমগ্র যশোরে বিভিন্ন ফুটবল দলের সমর্থকদের মধ্যে শুরু হয়েছে উন্মাদনা। বিভিন্ন বাসাবাড়ির ছাদে, রাস্তার পাশে টানানো হয়েছে প্রিয় দলের পতাকা। কার চেয়ে কে বড় পতাকা টানাবে, এ প্রতিযোগিতাও শুরু হয়েছে।
আরটিভি/এমএ