মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ০৪:০২ পিএম
বান্দরবানের মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) সকালে জেলার নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রেজু আমতলী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
সীমান্ত সূত্রে জানা গেছে, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীনস্থ রেজু আমতলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার-৪০ সংলগ্ন শূন্যরেখা থেকে প্রায় আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে স্থানীয় ব্যক্তি মাস্টার শাহ আলমের আকাশমনি বাগান পরিষ্কার করতে যাওয়ার সময় মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হন। পরে তার সঙ্গে থাকা ছোট ভাই তাকে উদ্ধার করে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত যুবকের নাম আবদুল খালেক (৩০)। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১-এর সি ব্লকের বাসিন্দা। তার পিতার নাম মোহাম্মদ আনু মিয়া।
এদিকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিস্ফোরণটি সীমান্তবর্তী দুর্গম এলাকায় ঘটে। ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি পর্যবেক্ষণ করছে। এ ঘটনায় সীমান্ত এলাকায় বসবাসরত স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
উল্লেখ্য, গত ২৪ মে দুপুরে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে বাগানে কাজ করতে গিয়ে মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত হয়। সীমান্তবর্তী এলাকায় চলাচলের ক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আরটিভি/টিআর