images

বিনোদন / সঙ্গীত ও নৃত্য

বিশেষ সম্মাননায় ভূষিত হচ্ছেন কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদী

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ১২:০৩ পিএম

বাংলা গানের কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদীর দীর্ঘ সংগীতজীবন ও অসামান্য অবদানকে সম্মান জানাতে বিশেষ আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

‘কালজয়ী কণ্ঠ, শ্রদ্ধা ও ভালোবাসায় সৈয়দ আব্দুল হাদী’ শিরোনামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ১২ জুন সন্ধ্যা ৬টায়, শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই অনুষ্ঠানে বর্তমান প্রজন্মের শিল্পীরা সৈয়দ আব্দুল হাদীর গাওয়া জনপ্রিয় ও কালজয়ী গান পরিবেশন করবেন। পাশাপাশি তার সংগীতজীবন, সাফল্য ও অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হবে বিশেষ উপস্থাপনার মাধ্যমে।

অনুষ্ঠানে দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী ও সংগীতাঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। একই আয়োজনে সংগীতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ সৈয়দ আব্দুল হাদীকে বিশেষ সম্মাননা প্রদান করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

আরও পড়ুন
Web-Image---Copy

আরটিভিতে আজ (৯ জুন) যা দেখবেন

সম্মাননা প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে সৈয়দ আব্দুল হাদী বলেন, জাতীয় একটি প্রতিষ্ঠানের কাছ থেকে এ স্বীকৃতি পাওয়া তার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। তিনি বলেন, দীর্ঘ সংগীতজীবনে শ্রোতাদের ভালোবাসাই এই সম্মাননার আসল প্রতিফলন।

ষাটের দশক থেকে আধুনিক গান, দেশাত্মবোধক ও চলচ্চিত্রের গানে সমান জনপ্রিয়তা অর্জন করেছেন সৈয়দ আব্দুল হাদী। তার কণ্ঠে ‘একবার যদি কেউ ভালোবাসত’, ‘আসেন আমার মোক্তার’সহ অসংখ্য গান বাংলা সংগীতের ইতিহাসে স্থায়ী জায়গা করে নিয়েছে।

দীর্ঘ ক্যারিয়ারে তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা অর্জন করেছেন। সংগীতাঙ্গনে তার অবদান আজও নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে আছে।


আরটিভি/জেএমএ