images

লাইফস্টাইল / স্বাস্থ্য পরামর্শ / পরামর্শ

ভাতের সঙ্গে কাঁচা মরিচ: ছোট অভ্যাসেই মিলতে পারে বড় উপকার

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ০৯:৩০ এএম

বাংলাদেশের খাবারের পাতে ভাতের সঙ্গে কাঁচা মরিচ যেন এক অবিচ্ছেদ্য অংশ। ডাল, ভর্তা, মাছ বা মাংস—যে কোনো খাবারের সঙ্গেই একটি কাঁচা মরিচ অনেকের খাওয়ার স্বাদ বাড়িয়ে দেয়। তবে শুধু ঝাল বা স্বাদের জন্য নয়, এই ছোট সবুজ মরিচে লুকিয়ে আছে নানা স্বাস্থ্যগুণও।

বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন পরিমিত পরিমাণে কাঁচা মরিচ খাওয়ার অভ্যাস শরীরের জন্য হতে পারে উপকারী।

ঝালের পেছনে শক্ত পুষ্টি

কাঁচা মরিচের ঝালের মূল উপাদান হলো ক্যাপসাইসিন নামের একটি প্রাকৃতিক যৌগ। এটি শুধু ঝাল অনুভূতিই তৈরি করে না, বরং শরীরের বিভিন্ন কার্যক্রমেও ভূমিকা রাখে। এর পাশাপাশি কাঁচা মরিচে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট ও নানা খনিজ উপাদান, যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে।

বিপাকক্রিয়া বাড়াতে সহায়ক

খাবারের সঙ্গে কাঁচা মরিচ খেলে শরীরের বিপাকক্রিয়া কিছুটা সক্রিয় হতে পারে। ক্যাপসাইসিন শরীরের তাপমাত্রা সামান্য বাড়িয়ে ক্যালোরি পোড়ানোর প্রক্রিয়াকে উৎসাহিত করে। ফলে ওজন নিয়ন্ত্রণেও এটি সহায়ক হতে পারে। কিছু গবেষণায় দেখা গেছে, ঝাল খাবার ক্ষুধা নিয়ন্ত্রণেও ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুন
Web-Image

ভুলে যাচ্ছেন সবকিছু? স্মৃতিশক্তি বাড়ানোর সহজ উপায় জানালেন গবেষকরা

হজমে সহায়তা করে

পরিমিত পরিমাণে কাঁচা মরিচ হজম প্রক্রিয়াকে সক্রিয় করতে পারে। এটি লালারস ও পাচকরস নিঃসরণ বাড়িয়ে খাবার হজমে সহায়তা করে। তবে যাদের গ্যাস্ট্রিক, আলসার বা অতিরিক্ত গ্যাসের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে অতিরিক্ত কাঁচা মরিচ অস্বস্তি তৈরি করতে পারে।

হৃদযন্ত্র ও রোগ প্রতিরোধে উপকারী

নিয়মিত পরিমিত কাঁচা মরিচ খাওয়া রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করতে পারে। গবেষণায় ক্যাপসাইসিনের সঙ্গে কোলেস্টেরল নিয়ন্ত্রণ ও রক্তনালির কার্যকারিতা উন্নত হওয়ার সম্পর্ক পাওয়া গেছে।

এছাড়া এতে থাকা ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট কোষের ক্ষয় রোধে ভূমিকা রাখে।

ত্বক ও মনের ওপর প্রভাব

কাঁচা মরিচে থাকা ভিটামিন সি কোলাজেন উৎপাদনে সহায়তা করে, যা ত্বককে টানটান ও সতেজ রাখতে সাহায্য করে। অন্যদিকে ঝাল খাবার খেলে শরীরে ভালো লাগার হরমোন নিঃসৃত হয়, ফলে মন কিছুটা চনমনে হয়ে ওঠে।

পরিমিতই সবচেয়ে জরুরী

বিশেষজ্ঞদের মতে, ভাত-ডাল বা তরকারির সঙ্গে এক থেকে দুইটি কাঁচা মরিচই বেশিরভাগ সুস্থ মানুষের জন্য যথেষ্ট। খালি পেটে কাঁচা মরিচ খাওয়া ঠিক নয়। ঝালের মাত্রা কমাতে চাইলে ভেতরের বিচি ফেলে খাওয়া যেতে পারে।

অতিরিক্ত খেলে হতে পারে ক্ষতি

অতিরিক্ত কাঁচা মরিচ খাওয়ার অভ্যাস পেটে জ্বালাপোড়া, গ্যাস, অন্ত্রের অস্বস্তি ও আলসারের সমস্যা বাড়াতে পারে। তাই যাদের পরিপাকতন্ত্র সংবেদনশীল, তাদের বিশেষ সতর্ক থাকা প্রয়োজন।


আরটিভি/জেএমএ