images

খেলা / ক্রিকেট

আইরিশদের বিপক্ষে ১১ রানে হারল বাংলাদেশ

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ০৭:৫৩ পিএম

আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেছিল বাংলাদেশ দল। এই ম্যাচে আইরিশদের বিপক্ষে ১১ রানে হেরেছে টাইগ্রেসরা।

মঙ্গলবার (৯ জুন) আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১৪৩ রানের লক্ষ্য দিয়েছিল আয়ারল্যান্ড। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ১৩২ রান করেছে জ্যোতিরা। এতে ১১ রানে জেতে আইরিশরা।

সহজ লক্ষ্য রান তাড়ায় নেমে প্রথম ওভারে কোনো রান না করেই সাজঘরের পথ ধরেন ওপেনার দিলারা আক্তার। দ্বিতীয় উইকেটে শারমিন আক্তারকে নিয়ে ৭৭ রানের জুটি গড়েন ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস। 

আরও পড়ুন
Lpy

দুর্দান্ত পারফরম্যান্সে মোসাদ্দেকের রাজকীয় প্রত্যাবর্তন

ব্যক্তিগত অর্ধশতক পূরণ করেন জুয়াইরিয়া। ৩৮ বলে ৫০ রানে আউট হন তিনি। এদিকে ৪০ বল খেলে ২৭ রানে থামেন শারমিনের ইনিংস।

এই দুই ব্যাটারের বিদায়ের পর ম্যাচের হাল ধরার চেষ্টা চালান জ্যোতি-স্বর্ণারা। কিন্তু কেউই দলকে জয় এনে দিতে পারেননি। ব্যাট হাতে জ্যোতি ১৯ ও স্বর্ণা ১২ রান করেন। বাকিরা কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটাই ভালো হয়নি আইরিশদের। প্রথম চার ওভারেই সাজঘরের পথ ধরেন দুই ওপেনার। ব্যাট হাতে ১৯ রান করেন অ্যামি হান্টার। আর রানের দেখায় পাননি আলানা ডালজেল।

আসা-যাওয়ার মিছিলে থাকা আইরিশ ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৩০ রান করেন রেবেকা স্টোকেল। আর শেষদিকে মাত্র ৮ বলে ২১ রানের ঝড়ো ইনিংস খেলেন ১১ নম্বরে ব্যাট করতে নামা আভা ক্যানিন। বাকিদের কেউই বিশের কোটা পার করতে পারেননি।

আরটিভি/এসআর