চীন-বাংলাদেশ সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে গেছেন ঢাকা সফররত চীন প্রেসিডেন্ট শি জিনপিং। সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন ছাড়াও প্রাধান্য পাচ্ছে বিনিয়োগ, বিভিন্ন প্রকল্পে অর্থায়নসহ নানা ইস্যু। তার সফর ঘিরে এমনটি বলছে আন্তর্জাতিক গণমাধ্যম।
১৯৮৬ সালের মার্চের পর ২০১৬ এর অক্টোবর। লি জিয়াননিয়ানের বাংলাদেশ সফরের দীর্ঘ ৩ দশক পর এবার ২২ ঘণ্টার সংক্ষিপ্ত সফরে ঢাকায়
চীন প্রেসিডেন্ট শি জিনপিং।
এ সফরে এরইমধ্যে দু’ দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি সই হয়েছে।
জিনপিং এর ঢাকা সফরকে ঘিরে সরব আন্তর্জাতিক গণমাধ্যম। বিশ্বখ্যাত টাইম সাময়িকীর অনলাইন ভার্সনে তার এ সফরে বেশ কয়েকটি চুক্তির পাশাপাশি বিভিন্ন প্রকল্পে চীনা অর্থায়নের বিষয়টি প্রাধান্য পেয়েছে।
অর্থনীতি ও বাণিজ্য নিয়ে কাজ করা নিউইয়র্কভিত্তিক গণমাধ্যম ব্লুমবার্গ বলছে, আঞ্চলিক সম্পর্কে গতি আনতেই ঢাকা সফর করছেন শি জিনপিং।
অবকাঠামো ও অন্যান্য খাতে চীনা ঋণ ও বিনিয়োগকে প্রাধান্য দিয়ে সংবাদ প্রকাশ করেছে শীর্ষস্থানীয় বার্তা সংস্থা রয়টার্স।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির শিরোনাম - ‘ঢাকায় লাল গালিচা সংবর্ধনা পেলেন শি জিনপিং’।
চীন প্রেসিডেন্টের বাংলাদেশ সফরকে মাইলস্টোন উল্লেখ করেছে দ্য হিন্দুসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম।
চীনের সংবাদমাধ্যমগুলো বলছে, জিনপিংয়ের বাংলাদেশ সফর বেইজিং-ঢাকা দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এ নিয়ে ভারতের ঈর্ষান্বিত হবার কিছু নেই।
সিসিটিভি, সিনহুয়া, সাউথ চায়না মর্নিং পোস্ট ছাড়াও চীনের অন্যান্য সংবাদমাধ্যমে প্রাধান্য পেয়েছে শি জিনপিংয়ের বাংলাদেশ সফরের সংবাদ।
ডিএইচ/ এসজেড




