মুন্সীগঞ্জের একটি টিনশেড মার্কেটে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১০টি দোকান।
রোববার (২৪ মে) ভোরে শ্রীনগর উপজেলার আটপাড়া এলাকায় কোল্ড স্টোরেজের সামনে ছনবাড়ী-মুন্সীগঞ্জ সড়কের পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোর ৫টার দিকে আগুন লাগার সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন জানান, খালের ওপর কাঠের পাটাতনের ওপর নির্মিত একচালা টিনশেড মার্কেটের দোকানগুলোতে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লেও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আশপাশের অন্যান্য দোকান রক্ষা পায়। আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি সড়কে সৃষ্ট যানজটও দ্রুত নিরসন করা হয়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, আগুনে মোট ১০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে পাঁচটি দোকান খালি ছিল এবং বাকি পাঁচটি দোকানে থাকা মালামাল পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে রয়েছে দুটি মুদি দোকান, দুটি চায়ের দোকান এবং একটি দোকানে রাখা একটি সিএনজিচালিত রিকশা। এছাড়া গ্যাস সিলিন্ডার ও বস্তার স্টোরেজও ক্ষতিগ্রস্ত হয়।
তিনি আরও জানান, আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের মধ্যে রয়েছেন, আব্দুর রশিদ, রহিম, আবুল, বাবুল, জানে আলম, আলাউদ্দিন, মিন্টু, আলী আকবর, বাচ্চু ও রিপন।
ফায়ার সার্ভিস জানায়, বন্ধ দোকানগুলোর তালা কেটে দ্রুত শাটার খুলে ফেলার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা সহজ হয় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়েছে।
আরটিভি/এমএইচজে



