ঈদুল আজহাকে সামনে রেখে শখ করে সিলেট থেকে কেনা তিনটি গরু চট্টগ্রামে নেওয়ার পথে ছিনতাইয়ের শিকার হন এক ক্রেতা। রাজধানীর বংশাল থানা পুলিশের তৎপরতায় উদ্ধার হয়েছে গরু তিনটি। উদ্ধারকৃত গরুগুলোর আনুমানিক মূল্য ৮ লাখ ৬০ হাজার টাকা।
রোববার (২৪ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান।
তিনি জানান, গত ২০ মে রাত সাড়ে ১০টার দিকে সিলেটের বিশ্বনাথ থেকে তিনটি গরু নিয়ে একটি পিকআপ চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। পরদিন ২১ মে দিনগত রাত ৩টার দিকে গাড়িটি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার ধনাশী এলাকায় পৌঁছালে ৩-৪ জন দুর্বৃত্ত গাড়ির গতিরোধ করে গরু তিনটি ছিনতাই করে নিয়ে যায়।
ঘটনার পর এ বিষয়ে নবীনগর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার (২৩ মে) রাজধানীর বংশাল থানাধীন আগা সাদেক রোডের একটি মাংসের দোকানে অভিযান পরিচালনা করে বংশাল থানা পুলিশের একটি টিম। এ সময় ছিনতাইকৃত তিনটি গরু উদ্ধার করা হয়।
পরবর্তীতে উদ্ধার করা গরু তিনটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়। শখের কোরবানির গরু ফিরে পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং পুলিশের আন্তরিকতা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন।
আরটিভি/এসকেডি



