নির্বাচনি ওয়াদা পূরণে কাজ করছে সরকার: পাট প্রতিমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২৪ মে ২০২৬ , ০৬:১৩ পিএম


নির্বাচনি ওয়াদা পূরণে কাজ করছে সরকার: পাট প্রতিমন্ত্রী
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। ছবি: সংগৃহীত

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, সরকার নির্বাচনের পূর্বে যে ওয়াদাগুলো করেছিল, তা বাস্তবায়নে কাজ করছে। 

রোববার (২৪ মে) দুপুরে ময়মনসিংহ নগরীর টাউন হলে সিটি করপোরেশনের উদ্যোগে বস্তি এলাকায় বসবাসকারী নিম্ন আয়ের ৬৬৯টি পরিবারের মাঝে বিনামূল্যে টিন বিতরণ করা হয়। এসময় তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, নির্বাচিত হওয়ার নয় দিনের মাথায় এ দেশের কৃষক ও খেটে খাওয়া মানুষের, বিশেষ করে কৃষকদের কৃষিঋণ মওকুফ করা হয়েছে। প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে। আগামী অর্থবছরে ৪০ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে। এভাবেই আমরা কৃষক ও প্রান্তিক মানুষের জন্য কাজ করে যাচ্ছি।

প্রতিমন্ত্রী আরও বলেন, ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে ৬৬৯টি পরিবারকে টিন দেওয়া হচ্ছে। এই সিটি করপোরেশনে লক্ষ লক্ষ কোটি টাকার বাজেট হয়েছে, কিন্তু প্রান্তিক মানুষগুলোর জন্য বিগত সময়ে আমরা কিছু করতে দেখিনি। 

তিনি বলেন, এখানে লুটপাট হয়েছে। লুটপাট ও বিদেশে টাকা পাচারের কারণে দেশে অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে। কিন্তু বিএনপি সরকার সম্মিলিত প্রয়াসে বিভিন্ন খাতে ব্যয় সাশ্রয় করে ময়মনসিংহের উন্নয়ন করতে চায়।

তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকে যদি একটু হিসাব করি, অনেক সরকার এসেছে। কিন্তু প্রান্তিক, সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কল্যাণে বিগত সরকারগুলোকে খুব বেশি কার্যকর পদক্ষেপ নিতে দেখিনি। আমরা ব্যস্ত থাকি তথাকথিত উচ্চশ্রেণির মানুষের দিকে বেশি নজর দিতে। বিশেষ করে শহর থেকে শহর গড়ে ওঠে। কিন্তু প্রান্তিক মানুষ, গ্রামের মানুষ যারা আছে, তাদের জন্য আমাদের যে চিন্তা করা উচিত, জনপ্রতিনিধিদের যে ভাবা উচিত, সেই জায়গায় যদি আমরা উন্নয়ন না করে থাকি, তাহলে সার্বিকভাবে দেশের উন্নয়নে এগোতে পারব না। সত্যিকার অর্থে আমাদের মানবসম্পদ, মানবতা, নৈতিকতা এবং তৃণমূলের প্রান্তিক মানুষগুলোর বিকাশ না ঘটলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া কিংবা উন্নত শিখরে পৌঁছানোর যে স্বপ্ন আমরা দেখি, তা বাস্তবায়ন হবে না।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission