ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক ইতালি প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে।
শনিবার (২৪ মে) দিবাগত রাতে উপজেলার বড়াইলের গোসাইপুর রাধানগর ঝালুপাড়া এলাকায় রাজিব বর্মনের বাড়িতে এ ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে একদল দুর্বৃত্ত ওই বাড়িতে হানা দেয়। এ সময় তারা বাড়ির মালিক ইন্দুমোহনকে মারধর করে এবং পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। পরে দুর্বৃত্তরা ব্যবসার কাজে ব্যাংক থেকে উত্তোলন করা নগদ ২ লাখ ৭০ হাজার টাকা, প্রায় তিন ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় বসতঘরে ব্যাপক ভাঙচুর চালানো হয়। একপর্যায়ে ইন্দুমোহনের স্ত্রীর কান থেকে স্বর্ণের দুল ছিঁড়ে নিয়ে যায় তারা। পরে ইন্দুমোহনের দুই ছেলে ও স্ত্রীকেও মারধর করা হয়।
ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, হামলায় স্থানীয় কাজল চন্দ্র বর্মনের নেতৃত্বে আলাউদ্দীন, নবীর হোসেন ওরফে রুদ্রসহ আরও কয়েকজন অংশ নেয়।
এদিকে একই রাতে পাশের আরেকটি বাড়িতেও হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা মনজু রানীর বসতঘরে ঢুকে দুর্বৃত্তরা সমিতির জন্য সংরক্ষিত প্রায় ৩ লাখ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে যায়।
নবীনগর থানার ওসি (তদন্ত) রাজিব কান্তি নাথ জানান, ভুক্তভোগী ইন্দুমোহনের সঙ্গে কাজল চন্দ্র বর্মনের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরেই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দাখিলের প্রক্রিয়া চালাচ্ছেন। ঘটনার পর থেকে কাজল বর্মনসহ অন্যান্য অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/টিআর




