ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল এলাকায় ঢাকাগামী লেনে একটি নোয়া মাইক্রোবাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (৯ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ইসমাইল ক্যান্টনমেন্ট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। তবে গাড়িটিতে কোনো যাত্রী না থাকায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী লেনে চলন্ত অবস্থায় হঠাৎ মাইক্রোবাসটির ইঞ্জিন অংশ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছু বুঝে ওঠার আগেই আগুন দ্রুত পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বুঝতে পেরে চালক তাৎক্ষণিকভাবে গাড়িটি মহাসড়কের পাশে থামিয়ে নিরাপদ স্থানে সরে যান। এরপর মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো মাইক্রোবাসটিকে গ্রাস করে। স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও আগুনের তীব্রতার কারণে তা সম্ভব হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মাইক্রোবাসটি সম্পূর্ণ পুড়ে যায়। অগ্নিকাণ্ডের সময় মহাসড়কে চলাচলরত যানবাহনের চালক ও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় মহাসড়কে দীর্ঘস্থায়ী যানজটের সৃষ্টি হয়নি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটি বা বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে মাইক্রোবাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
আরটিভি/এমএ



