মুন্সীগঞ্জের টংগীবাড়ী উপজেলার পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক নারীকে প্রায় ১৬ ঘণ্টা পর চাঁদপুর থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
নিখোঁজ ওই নারীর নাম জাহানারা বেগম (৪৮)। তিনি উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের মিতারা গ্রামের বাসিন্দা এবং মৃত সেন্টু শেখের স্ত্রী। জাহানারা বেগমের পরিবারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, সোমবার (৮ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে টংগীবাড়ী ফায়ার স্টেশনে খবর আসে যে, মিতারা ঘাট সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নেমে জাহানারা বেগম নিখোঁজ হয়েছেন।
খবর পেয়ে টংগীবাড়ী ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে তল্লাশি কার্যক্রম চালায়। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
মঙ্গলবার (৯ জুন) সকাল ৮টার দিকে ডুবুরি দল পুনরায় উদ্ধার অভিযানে নামার প্রস্তুতি নেওয়ার সময় নিখোঁজ নারীর ছেলে রাব্বি শেখ মোবাইল ফোনে জানান, তার মা জাহানারা বেগমকে চাঁদপুর জেলার চাঁদপুর ঘাট এলাকায় জীবিত অবস্থায় পাওয়া গেছে। পরে তাকে সেখান থেকে বাড়িতে নিয়ে আসা হয় এবং তিনি সুস্থ আছেন বলে জানা গেছে।
এ ঘটনায় ফায়ার সার্ভিসের চলমান উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
আরটিভি/এমএ




