বিয়ের ফুল ফুটছে পাওলির

প্রকাশ : ০৬ মে ২০১৭, ১৬:৫৬ | অনলাইন সংস্করণ

  আরটিভি অনলাইন রিপোর্ট

দুই বাংলার জনপ্রিয় নায়িকা পাওলি দাম বিয়ে করছেন। আসছে ৪ ডিসেম্বর সিঁদুরে-ফুলে-চন্দনে বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পাত্র ব্যবসায়ী অর্জুন দেব। তিনি গুয়াহাটির বাসিন্দা। সেখানেই বিয়েটা হচ্ছে।

ধনীর দুলাল এই অর্জুন পড়াশোনা করেছেন সান ফ্রান্সিসকোতে। এখন দেশে পৈতৃক ব্যবসাটাকে চালিয়ে নিচ্ছেন বেশ।

ইতালীয় কনসাল জেনারেলের দেওয়া পার্টিতেই অর্জুনের সঙ্গে পরিচয় পাওলির। বছর দুয়েক ধরে প্রেম করছেন তারা। মাত্র দিন দুয়েক আগে বিয়ের দিনক্ষণ স্থির হয়েছে বলে পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে।

গুয়াহাটির তাজ হোটেলে বিয়ে হবে বলে পারিবারিকভাবে সিদ্ধান্ত হয়েছে। ৬ মে হবে রিসেপশন ও বাসর। তারও কিছুদিন পরে কলকাতায় আরেকটি রিসেপশন হবে। তবে ওই আনুষ্ঠানিকতার দিন তারিখ এখনো নির্ধারণ হয়নি।

এরই মধ্যে দিল্লিতে ঘুরে ঘুরে বিভিন্ন ফ্যাশন স্টোরে লেহেঙ্গা নাড়াচাড়াও করেছেন পাওলি। ডিজাইনার পোশাকই পরবেন রিসেপশনে। সেটা জয় মিত্র না রোহিত বাল- সেটা স্থির করতে পারেননি। সব মিলিয়ে, ধীরে-সুস্থেই চলছে বিয়ের প্রস্তুতি।

তবে বিয়ে নিয়ে এখনো গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি পাওলি।


 
এসজে