ভালোবাসা দিবসের আগেই ভেঙে গেল অভিনেত্রীর সম্পর্ক!
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:১৭ | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

জনপ্রিয় অভিনেত্রী মিশমি দাস। অভিনয় দিয়েই দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। অভিনয়ের বাইরে কখনোই ব্যক্তিজীবন নিয়ে লুকোচুরি করেননি ভক্তদের সঙ্গে।
বরাবরই সোজাসাপ্টা কথা বলাতে পারদর্শী তিনি। কিন্তু এবার বিশ্ব ভালোবাসা দিবসের ঠিক আগ মুহূর্তেই সম্পর্কে বিচ্ছেদ হয়েছে বলে জানালেন কলকাতার এ অভিনেত্রী।
প্রেমিক বিশাল ভনকে খুবই গুরুত্ব দিতেন তিনি। এ কারণে একসঙ্গে সময় কাটাবেন বলে কাজ থেকে সাময়িক বিরতি নিয়ে ঘুরতে গিয়েছিলেন ভারতের গোয়ায়। কিন্তু তারপরও সুখের হয়ে ওঠেনি সেই সম্পর্ক।
ভারতীয় একটি টেলিভিশনে বিচ্ছেদের কথা নিশ্চিত করে অভিনেত্রী জানিয়েছেন, ভারতের গোয়া থেকে ফিরে এসে আপাতত অভিনয়েই মনোযোগ দিয়েছেন তিনি। এখন প্রচুর কাজ করবেন এ অভিনেত্রী। বিচ্ছেদের কথা জানালেও এর কারণ জানাননি তিনি।
অভিনেত্রীকে বর্তমানে সিরিয়াল ‘খেলনা বাড়ি’তে দেখা যাচ্ছে। সেখানে খল-অভিনেত্রী হিসেবে অভিনয় করছেন তিনি। সাম্প্রতিক কয়েকটি ধারাবাহিকে খলচরিত্রে অভিনয় করেছেন। এ নিয়েও অনেক ক্লান্ত।
প্রসঙ্গত, ২০১৪ সালে ‘রাজযোটক’ ধারাবাহিকের মাধ্যমে ছোটপর্দায় অভিষেক হয় মিশমির। ধারাবাহিকটি তখন হিট হয়েছিল। তারপর বিভিন্ন সময় নানা চরিত্রে দেখা দিয়েছেন তিনি।
সূত্র : টিভি নাইন
