হঠাৎ কেন ভানুয়াতু নিয়ে এত আলোচনা?

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ , ০৪:০৩ পিএম


হঠাৎ কেন ভানুয়াতু নিয়ে এত আলোচনা?
সংগৃহীত ছবি

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র রিপাবলিক অফ ভানুয়াতু। দেশটিতে বাংলাদেশের কোনো মিশন নেই। ভানুয়াতুর নিকটতম প্রতিবেশী অস্ট্রেলিয়ার বাংলাদেশ হাইকমিশনই দেশটিতে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো দেখভাল করে। অর্থাৎ বাংলাদেশ ও ভানুয়াতুর মধ্যে কূটনৈতিক সম্পর্ক থাকলেও সেটি খুব গভীর নয়।

তবে সম্প্রতি বাংলাদেশে সোশ্যাল মিডিয়ায় আলোচনার পাশাপাশি গুগুল ট্রেন্ডেও ভানুয়াতুর নাম উঠে এসেছে। 

আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন। এমন সময় অভিযোগ ওঠে ‍নির্বাচনে সংসদ সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন প্রার্থী ভানুয়াতুর নাগরিক। এরপরই দ্বীপরাষ্ট্র ভানুয়াতু নিয়ে মানুষের কৌতূহল সৃষ্টি হয় এবং দেশটির নাম আলোচনায় উঠে আসে। 

ভানুয়াতুর নাগরিকত্বে যেসব সুবিধা

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতু। পাশেই আছে অস্ট্রেলিয়া। ছোট্ট এই দেশটি ‘গোল্ডেন পাসপোর্ট’ নামের এক স্কিমের আওতায় বিদেশিদের কাছে নাগরিকত্ব বিক্রি করে। এই স্কিমের আওতায় ভানুয়াতু ২০২০ সালে দুই হাজারেরও বেশি মানুষের কাছে পাসপোর্ট বিক্রি করেছে। এর মাধ্যমে প্রায় ১২ কোটি ডলার আয় করেছে ভানুয়াতু। 

পাসপোর্ট কেনা এই দুই হাজার মানুষের প্রায় ১২০০ চীনের নাগরিক! এরপর সবচেয়ে বেশি নাগরিকত্ব কিনেছেন নাইজেরিয়ান, রাশিয়ান, লেবানিজ, ইরানী, লিবিয়ান, সিরীয় ও আফগানরা। তবে অবাক করা বিষয় হচ্ছে, এই একই বছরে যুক্তরাষ্ট্রের ২০ জন এবং অস্ট্রেলিয়ার ৬ জন ব্যক্তি ভানুয়াতুর নাগরিকত্ব কিনেছেন। 

এই দেশের নাগরিকত্বের সুবিধা হলো— দেশটির পাসপোর্টধারীরা ৯৩টি দেশে ফ্রি ভিসা বা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণের সুবিধা পান। ২০২৫ সাল পর্যন্ত এই সুবিধায় ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোও অন্তর্ভুক্ত ছিল। নানা অভিযোগের প্রেক্ষিতে সেই সুবিধা বন্ধ করে দিয়েছে ইইউভুক্ত দেশগুলো।

এছাড়া ১ লাখ ৩০ হাজার ডলারের বিনিময়ে ভানুয়াতুর নাগরিকত্ব কেনা যায়। আর এই প্রক্রিয়ায় সময় লাগে মাত্র এক থেকে দুই মাস। দেশটিকে ‘ট্যাক্স হ্যাভেন’ও বলা হয়। কারণ এখানে আয়কর নেই, কর্পোরেট কর নেই অথবা সম্পদের ওপর কোনো কর নেই।

তবে, মজার বিষয় হলো ভানুয়াতু পৃথিবীর সবচেয়ে গরিব দেশগুলোর একটি। ২০১৪ সালের ভয়াবহ সাইক্লোনে দেশটি ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই দুর্যোগের পর দেনার দায়ে জর্জরিত দেশটি। পাসপোর্ট বিক্রি করে প্রাপ্ত টাকা দিয়ে ঋণ শোধ করছে ভানুয়াতু। করোনা মহামারীর বিরুদ্ধে লড়তেও দেশটিকে সাহায্য করছে এই পাসপোর্ট বিক্রি।

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission