ভারতের বেঙ্গালুরুতে প্রকাশ্যে গলাকেটে এক কলেজছাত্রীকে হত্যা করা হয়েছে। নিহতের নাম যামিনি প্রিয়া (২১)। তিনি স্থানীয় একটি কলেজের বি.ফার্মের ছাত্রী।
শুক্রবার (১৭ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৭টার দিকে যামিনি পরীক্ষা দিতে কলেজে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। পরীক্ষা শেষে ফেরার পথে শ্রীরামপুরা রেললাইন-সংলগ্ন মন্ত্রীমল এলাকার কাছে তার ওপর হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এক যুবক পেছন থেকে এসে হঠাৎই যামিনির গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজনের কাছ থেকে খবর পেয়ে শ্রীরামপুরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং প্রাথমিক প্রমাণ সংগ্রহ করে।
পুলিশ জানিয়েছে, হামলাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজে বের করতে পুলিশের একাধিক টিম গঠন করা হয়েছে। আশপাশের ভবন এবং রেলওয়ে ট্র্যাক এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষাও চলছে।
পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, হত্যার রহস্য উদঘাটনে আমরা ব্যক্তিগত শত্রুতা এবং সম্ভাব্য সম্পর্কের বিরোধসহ সকল দিক যাচাই করছি।
এদিকে বেঙ্গালুরু শহরের মতো এত ব্যস্ততম এলাকায় এমন নৃশংস ঘটনায় নারীদের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ সৃষ্টি হয়েছে। শ্রীরামপুরা এলাকায় এবং এর আশপাশে, বিশেষ করে বিচ্ছিন্ন রেললাইনের ধারে পুলিশকে টহল জোরদার করার আহ্বান জানিয়েছেন বাসিন্দারা।
আরটিভি/এসএইচএম




