বাংলাদেশ সীমান্তে ভারত কর্তৃক কথিত জোরপূর্বক “পুশইন” এবং সীমান্তে আগ্রাসী আচরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ, ঢাকা মহানগর।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১০ জুন (বুধবার) বিকাল ৪টায় রাজধানীর পল্টনস্থ আল-রাজি কমপ্লেক্সের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হবে।
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান ,দেশের সার্বভৌমত্ব, সীমান্ত নিরাপত্তা এবং জাতীয় স্বার্থ রক্ষার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সাম্প্রতিক সময়ে সীমান্তে পুশইনের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের অভ্যন্তরে জোরপূর্বক মানুষ প্রবেশ করিয়ে দেওয়ার যে চেষ্টা, তা আন্তর্জাতিক আইন, মানবাধিকার এবং প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে পারস্পরিক সম্মান ও সহযোগিতার নীতির পরিপন্থী।
তিনি আরও বলেন, সীমান্তে যেকোনো ধরনের আগ্রাসী কর্মকাণ্ড ও বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকিস্বরূপ আচরণের বিরুদ্ধে দেশের জনগণকে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে। গণঅধিকার পরিষদ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে এ বিষয়ে জনমত গড়ে তুলতে চায়।
আরটিভি/এসকে




