টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২
ইংল্যান্ড ১৪২ রান করলেই বিশ্বকাপ শেষ অস্ট্রেলিয়ার
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২২, ১৫:৪৩ | অনলাইন সংস্করণ
স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

ইংল্যান্ডের বিপক্ষে ঝোড়ো ফিফটির দেখা পেয়েছিলেন শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিশাঙ্কা। কিন্তু তার পাঁচ ছক্কায় নিশাঙ্কার ৪৫ বলে ৬৭ রানের ইনিংসের পরও পুঁজিটা বড় হলো না। পরের ব্যাটাররা যে তেমন কিছুই করতে পারলেন না! ফলে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪১ রানে আটকে গেছে শ্রীলঙ্কা। ইংল্যান্ডলে সেমিফাইনালে যেতে হলে ১৪২ রান করতে হবে। বাটলারের দল তা করলেই বিশ্বকাপ শেষ হবে স্বাগতিক অস্ট্রেলিয়ার।
শনিবার (৫ নভেম্বর) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে লঙ্কানরা। শুরুতেই উড়ন্ত সূচনা পায় তারা। চতুর্থ ওভারে ৩৯ রানও তুলে ফেলেছিল তারা। কিন্তু সেই ওভারের শেষ বলে কুশল মেন্ডিস ১৮ রান করে আউট হন।
এরপর শুধুই নিসাঙ্কা ক্লাসিক্যাল খেলা উপহার দেন। অপর প্রান্তে ধনাঞ্জয়া ডি সিলভা ও চারিথ আসালাঙ্কা ফিরলেও এই ব্যাটার ফিফটি তুলে নেন। তার ৪৫ বলে পাঁচ ছক্কা ও দুই চারে ৬৭ রানের ইনিংস উপহার দেন।
পরে ভানুকা রাজাপাকসের ২২ রান ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেনি। দাসুন শানাকা ৩, ওয়ানিন্দু হাসারাঙ্গা ৯ ও চামিকা করুণারত্নে ০ রানে আউট হন। তার পরও পুঁজিটা ১৪১ রানেই থেমে যায়।
