বিশ্বকাপে খেলতে ৩০০ কেজি মাছ নিয়ে আমেরিকায় নরওয়ে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ০২:৫৩ পিএম


বিশ্বকাপে খেলতে ৩০০ কেজি মাছ নিয়ে আমেরিকায় নরওয়ে
বিশ্বকাপে খেলতে ৩০০ কেজি মাছ নিয়ে আমেরিকায় নরওয়ে।ছবি: কৃত্রিম বুুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা

দীর্ঘ ২৮ বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে ফিরছে নরওয়ে। সর্বশেষ ১৯৯৮ সালের বিশ্বকাপে অংশ নেওয়ার পর টানা ছয় আসর বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছিল ইউরোপের দেশটি। অবশেষে সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আসন্ন বিশ্বকাপে খেলতে যাচ্ছে আর্লিং হালান্ড ও মার্টিন ওডেগার্ডের দল।

বিশ্বকাপ শুরু হতে আর মাত্র দুই দিন বাকি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছে নরওয়ে দল। তবে মাঠে খেলার আগেই এক ব্যতিক্রমী কারণে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে তারা।

খেলোয়াড়দের সর্বোচ্চ ফিটনেস ও পারফরম্যান্স নিশ্চিত করতে এবার খাদ্য ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে নরওয়ে ফুটবল ফেডারেশন। স্থানীয় খাবারের ওপর পুরোপুরি নির্ভর না করে নিজ দেশ থেকেই বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী নিয়ে এসেছে দলটি। জানা গেছে, নরওয়ে থেকে প্রায় ৩০০ কেজি তাজা লাল মাছ এবং ১১৬ কেজি বিখ্যাত নরওয়েজিয়ান ব্রাউন চিজ উড়িয়ে আনা হয়েছে যুক্তরাষ্ট্রে।

ফুটবলারদের জন্য পরিচিত ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে দলের সঙ্গে রয়েছেন নরওয়ের দুই খ্যাতনামা শেফ অ্যারন এসপেল্যান্ড ও এইরিক তুফতে। শেফ অ্যারন এর আগে ২০২০ অলিম্পিকে নরওয়ে দলের রান্নাঘরের দায়িত্ব পালন করেছিলেন। দলের দীর্ঘদিনের প্রধান শেফের সঙ্গে মিলে তারা খেলোয়াড়দের প্রয়োজন অনুযায়ী বিশেষ খাদ্যতালিকা প্রস্তুত করছেন।

এ বিষয়ে শেফ অ্যারন এসপেল্যান্ড বলেন, নরওয়ে থেকে সুদূর আমেরিকায় প্রায় আধা টন খাদ্যসামগ্রী পাঠানো সহজ ছিল না। তবে আমরা আমাদের নিজস্ব উপকরণের গুণগত মানের ওপর আস্থা রাখি। তাই বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আসরে দেশের সেরা খাবারই খেলোয়াড়দের দিতে চাই।

তিনি আরও বলেন, আমরা যদি নিশ্চিতভাবে জানি খাবারে ব্যবহৃত টমেটোটি কোন কৃষক উৎপাদন করেছেন কিংবা মাছটি কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, তাহলে সেটি আমাদের জন্য বিশেষ বিষয়। নরওয়েজিয়ান উপকরণ ব্যবহার করতে পারাটা আমাদের কাছে গর্বের। 

আরও পড়ুন

বিশ্বকাপের আগে নরওয়ের এই ব্যতিক্রমী প্রস্তুতি ইতোমধ্যেই ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। এখন দেখার বিষয়, মাঠের পারফরম্যান্সেও হালান্ড-ওডেগার্ডরা কতটা সফলভাবে সেই প্রস্তুতির প্রতিফলন ঘটাতে পারেন।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission