বিশ্বকাপে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে আগামীকাল মাঠে নামবে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে দলের সেরা তারকা লিওনেল মেসি না খেললও তার ভক্তদের জন্য রয়েছে বড় সুখবর। আইসল্যান্ড ম্যাচে দেখা যাবে বিশ্বকাপজয়ী অধিনায়ককে।
বুধবার (৯ জুন) যুক্তরাষ্ট্রের আলাবামায় বাংলাদেশ সময় সকাল ৭টায় আইসল্যান্ডের মুখোমুখি হবে লিওনেল মেসিরা।
এই ম্যাচটি লিওনেল স্ক্যালোনির জন্য হবে পরীক্ষা-নিরীক্ষার শেষ সুযোগ। বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে সম্ভাব্য একাদশ গুছিয়ে নেওয়া হতে পারে আগামীকালকের ম্যাচ থেকেই।
সবশেষ ম্যাচে হন্ডুরাসকে ২–০ গোলে হারানোর পর এবার মূল একাদশের খেলোয়াড়দের আরও বেশি সময় মাঠে রাখতে চান স্কালোনি। সবচেয়ে বড় সুখবর, চোট কাটিয়ে দলে ফিরছেন অধিনায়ক লিওনেল মেসি।
ইন্টার মায়ামির হয়ে খেলতে গিয়ে পাওয়া পেশির চোট থেকে সেরে উঠে তিনি আইসল্যান্ডের বিপক্ষে শুরু থেকেই খেলবেন বলে ধারণা করা হচ্ছে।
মিডফিল্ডে স্কালোনির ভাবনায় রয়েছেন রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেস ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। তাদের সঙ্গে চতুর্থ মিডফিল্ডার হিসেবে সুযোগ পেতে পারেন ফ্যালাসিওস।
বিশ্বকাপের আগে ম্যাচের ছন্দে ফেরাতেই এই পরিকল্পনা। তবে কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে আর্জেন্টিনা। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস এবং ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ এখনো চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি।
তাদের কাউকেই আইসল্যান্ডের বিপক্ষে ঝুঁকি নিয়ে খেলানো হবে না। তবে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মার্টিনেজ ও আলভারেজকে পাওয়া যাবে বলেই আশা করছে দল।
এ ছাড়া ডিফেন্ডার নাহুয়েল মলিনা ও গঞ্জালো মন্টিয়েলকেও বিশ্রাম দেওয়া হতে পারে। ফলে ডান প্রান্তে সুযোগ পেতে পারেন অগাস্টিন অথবা নিকোলাস কাপালদো।
আইসল্যান্ড ম্যাচে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
গোলরক্ষক: জেরোনিমো রুলি
রক্ষণভাগ: নিকোলাস কাপালদো/আগুস্তিন জিয়াই, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেস, নিকোলাস তাগলিয়াফিকো
মিডফিল্ড: রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, পালাসিওস
আক্রমণভাগ: লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ/হোসে ম্যানুয়েল লোপেস।
আরটিভি/এসআর



