মুসলিমবান্ধব হয়ে উঠছে জাপান, পর্যটকদের নামাজের জন্য বিশেষ উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ , ০১:০৬ পিএম


মুসলিমবান্ধব হয়ে উঠছে জাপান, পর্যটকদের নামাজের জন্য বিশেষ উদ্যোগ
দিন দিন মুসলিম পর্যটকদের সংখ্যা বেড়ে চলেছে জাপানে। ফাইল ছবি

দিন দিন মুসলিম পর্যটকদের সংখ্যা বেড়ে চলেছে জাপানে। বিষয়টি মাথায় রেখে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে দেশটি। এর অংশ হিসেবে মুসলিম পর্যটকদের ধর্মীয় চাহিদার প্রতিও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশ জুড়ে শপিংমল, ডিপার্টমেন্টাল স্টোর, বিমানবন্দর ও পর্যটনকেন্দ্রগুলোতে তৈরি করা হচ্ছে নামাজের আলাদা কক্ষ।

গত এক দশকে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তুরস্কের মতো দেশে থেকে জাপান ভ্রমণে গেছেন দ্বিগুণেরও বেশি মুসলিম পর্যটক। 

জাপান ন্যাশনাল ট্যুরিজম অর্গানাইজেশনের (জেএনটিও) তথ্য অনুযায়ী, শুধু ২০২৩ সালেই এসব দেশ থেকে ৮ লাখ ৭০ হাজারের বেশি পর্যটক গেছেন জাপানে। এর পেছনে কাজ করেছে মুসলিমপ্রধান দেশগুলোতে জাপানের মার্কেটিং, ইয়েনের দরপতন আর বাড়তি সরাসরি ফ্লাইট।

এই প্রবণতা জাপানের খুচরা ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে নতুন করে ভাবাচ্ছে। হালাল খাবারের পাশাপাশি নামাজের ব্যবস্থা এখন মুসলিম পর্যটক টানার বড় উপাদান হয়ে উঠেছে।

টোকিওর অভিজাত শপিংডিস্ট্রিক্ট গিনজার ‘মাতসুয়া গিনজা’ ডিপার্টমেন্টাল স্টোরে নামাজের কক্ষ চালু করা হয়েছে, যেখানে নামাজ আদায়ের জন্য জায়নামাজ ও অজু করার জায়গা রয়েছে। জনপ্রিয় শিবুয়া পারকো শপিং সেন্টারও মুসলিম ক্রেতাদের জন্য নামাজের জায়গা চালু করেছে।

জাপানের বৃহত্তম শপিংমল অপারেটর ‘এইয়ন মল’ ইতিমধ্যে চিবা, কানাগাওয়া, আইচি, হিরোশিমা ও ওকিনাওয়াসহ সাতটি মলে নামাজ কক্ষ স্থাপন করেছে। ভবিষ্যতে তা আরও বৃদ্ধির ভাবনা রয়েছে।

শুধু শপিংমল নয়, বিমানবন্দরগুলোও এখন মুসলিম যাত্রীদের জন্য নামাজের ব্যবস্থা করছে। নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে নামাজের কক্ষ বাড়ানো হয়েছে; হানেদা বিমানবন্দরের ডিপার্চার লবিতেও নামাজের জায়গা রাখা হয়েছে। এতে দীর্ঘ ট্রানজিট বা ভোরের ফ্লাইটে যাত্রীদের জন্য সুবিধা হচ্ছে।

শহরের বাইরে পর্যটনকেন্দ্রগুলোও পিছিয়ে নেই। কিয়োটো টাওয়ার, চিবা ও ওসাকার প্রিমিয়াম আউটলেটেও এখন নামাজের ব্যবস্থা আছে। এতে মুসলিম পর্যটকেরা সহজেই ইবাদত করতে পারছেন।

এছাড়া, প্রযুক্তি ভিত্তিক বিভিন্ন অ্যাপ ব্যবহার করে জাপানে অবস্থানরত মুসলিম পর্যটকরা সহজেই নামাজের সময়, কিবলা দিক আর নিকটস্থ নামাজের জায়গার তথ্য পেয়ে যাচ্ছেন।

জাপানের এই উদ্যোগ দেশটিতে মুসলিম পর্যটকদের আকর্ষণ বৃদ্ধির পাশাপাশি দেশটির পর্যটন খাতকে আরও অন্তর্ভুক্তিমূলক করছে। হালাল খাবার, নামাজের কক্ষ ও প্রযুক্তির সমন্বয়ে জাপান এখন দ্রুতই মুসলিমবান্ধব ভ্রমণগন্তব্য হিসেবে প্রতিষ্ঠা পাচ্ছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission