মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ০৪:৫৮ পিএম
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) নতুন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের(বাউবি) দর্শন বিভাগের অধ্যাপক মো. আনিছুর রহমান। আগামী চার বছরের জন্য তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১২(১) ধারা অনুযায়ী অধ্যাপক মো. আনিছুর রহমানকে প্রো-ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ।
প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে তার নিয়োগের মেয়াদ চার বছর হবে অথবা অবসর গ্রহণের বয়স পূর্ণ হওয়া পর্যন্ত-যেটি আগে হবে। তিনি তার মূল পদের সমপরিমাণ বেতন-ভাতাসহ বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। পাশাপাশি তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন অনুযায়ী নির্ধারিত দায়িত্ব পালনের পাশাপাশি ভাইস-চ্যান্সেলর কর্তৃক অর্পিত ক্ষমতা ও দায়িত্বও তিনি পালন করবেন। তবে প্রয়োজনবোধে মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর যে-কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর তৎকালীন প্রো-ভিসি অধ্যাপক ড. এ আর এম সোলাইমান পদত্যাগ করেন। এর পর থেকে মাভাবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর পদটি শূন্য ছিল। প্রায় দুই বছর পর এ গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ দেওয়া হলো।
আরটিভি/এসএস