images

রাজধানী

আফতাবনগরে বায়ুদূষণ, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বুধবার, ০২ জুলাই ২০২৫ , ১১:৫৬ পিএম

রাজধানীর আফতাবনগর এলাকার বি-ব্লকে নির্মাণসামগ্রী উন্মুক্তভাবে রাস্তায় ফেলে রেখে বায়ুদূষণ ঘটানোর অভিযোগে পরিবেশ মন্ত্রণালয় মোবাইল কোর্ট পরিচালনা করেছে।

বুধবার (২ জুলাই) পরিচালিত এ মোবাইল কোর্টের নেতৃত্ব দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন নাহার। মামলার প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের ঢাকা মহানগর কার্যালয়ের পরিদর্শক মো. মনিরউদ্দিন আহাম্মদ।

বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর বিধি ১১(ঙ) লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় মোবাইল কোর্ট তিনটি প্রতিষ্ঠানের তিনজনকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন এবং তা আদায় করেন।

এ সময় ভবিষ্যতে পরিবেশ দূষণ না ঘটানোর জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আরটিভি/এএইচ