images

রাজধানী

ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় আরও এক আসামি গ্রেপ্তার

শনিবার, ১২ জুলাই ২০২৫ , ০৮:১০ এএম

রাজধানীর পুরান ঢাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগ (৩৯) হত্যাকাণ্ড এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই হত্যাকাণ্ডে জড়িত আরও এক এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। 

শুক্রবার (১১ জুলাই) রাতে অভিযান চালিয়ে মামলার ৯ নম্বর আসামি টিটন গাজীকে (৩২) গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এই মামলায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।
 
এর আগে, গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেট-সংলগ্ন রজনী ঘোষ লেনে সোহাগকে কুপিয়ে এবং মাথায় বড় পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় নেটিজেনদের মাঝে।

আরও পড়ুন
Web-Image

নৃশংস সেই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতরা শনাক্ত, মিলল ২ জনের পরিচয়


প্রত্যক্ষদর্শীরা জানান, সোহাগকে প্রথমে মিটফোর্ড হাসপাতালের গেটের ভেতরে মারধর করা হয়। পরে তাকে টেনেহিঁচড়ে গেটের বাইরে এনে নৃশংসভাবে হত্যা করা হয়।

ঘটনার পর সোহাগের বড় বোন কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযান চালায়। 

এরপর মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিন (২২) নামে দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তলও উদ্ধার করা হয়। পাশাপাশি র‍্যাব আরও দুজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ডিএমপি মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।
 
নিহত সোহাগের পরিবার জানায়, তিনি সপরিবারে কেরানীগঞ্জে থাকতেন। রাজনৈতিক পরিচয় থাকলেও সম্প্রতি তিনি পুরান ঢাকায় ভাঙারির ব্যবসা করতেন। ব্যবসায়িক বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটে বলে ধারণা স্থানীয়দের।

আরটিভি/এসআর/এস