সোমবার, ২৫ আগস্ট ২০২৫ , ০৮:২৫ পিএম
মিয়ানমার থেকে গণহত্যার মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের স্বাধীন রাষ্ট্রের দাবিতে ঢাকায় ‘মার্চ ফর আরাকান’ শীর্ষক পদযাত্রা কর্মসূচি পালন করেছে জেন জি অ্যাক্টিভিস্টরা।
সোমবার (২৫ আগস্ট) বিকালে ‘আন্তর্জাতিক রোহিঙ্গা গণহত্যা স্মরণ দিবস’ উপলক্ষে ‘বাংলাদেশ পিপলস কোয়ালিশন ফর রোহিঙ্গা রাইটস’ এর ব্যানারে রাজধানীর শাহবাগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত এ পদযাত্রার আয়োজন করা হয়।
এ কর্মসূচিতে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী অ্যাক্টিভিস্ট, সামাজিক-রাজনৈতিক সংগঠনের সদস্য ও নাগরিকগণ অংশ নেন।
বিকাল ৩টায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে শহীদ মিনার অভিমুখে পদযাত্রা শুরু হয়। এ সময় অংশগ্রহণকারীরা ‘রোহিঙ্গা জাতির ওয়াতান, নাফ থেকে কালাদান’ ‘ভোরের আলো মুক্তির গান, স্বাধীন হবে আরাকান’ ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি, আরাকান উইল বি ফ্রি’ ‘রক্তে লেখা এই আহ্বান, মুক্ত হোক আরাকান’ ইত্যাদি স্লোগান দেন।
পরে পদযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তব্য দেন রোহিঙ্গা জাতির প্রতিনিধি আহনাফ আলম, অ্যাক্টিভিস্ট ইফতেখার জামিল, রাফিদ এম ভূঁইয়া, মোহাম্মদ ইশরাক হোসাইন, আজিজ ফাহিম, বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওহায়েদ, সদস্য সচিব ফজলুর রহমান, বাংলাদেশ পিপলস কোয়ালিশন ফর রোহিঙ্গা রাইটসের সংগঠক জিহাদী ইহসান ও মুখপাত্র শাহরিয়ার ফাহাদ।
সমাবেশে মার্চ ফর আরাকান’ কর্মসূচির মুখপাত্র শাহরিয়ার ফাহাদ রোহিঙ্গাদের মুক্তি ও আরাকান স্বাধীনতার জন্য আট দফা দাবি ঘোষণা করেন।
আরটিভি/এএইচ