images

রাজধানী

ঢাকায় সোনার দোকানের দেয়াল কেটে চুরি, যা জানা যাচ্ছে

বুধবার, ০৮ অক্টোবর ২০২৫ , ০৯:১৬ এএম

রাজধানীতে একটি জুয়েলারি দোকান থেকে প্রায় ১২৫ ভরি স্বর্ণালংকার ও পৌনে তিন লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। 

রোববার (৫  অক্টোবর) দিবাগত রাতে যাত্রাবাড়ী চৌরাস্তা মোড় সংলগ্ন হাজী রায়হান সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ‘লিলি গোল্ড হাউজ’ নামের একটি জুয়েলারি দোকানের দেয়াল কেটে এই চুরির ঘটনা ঘটে।

এ ঘটনায় মঙ্গলবার (৭ অক্টোবর) যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেছেন দোকান মালিক জাকির হোসেন। 

মামলার এজাহারে তিনি বলেন, গত ৫ অক্টোবর রাতে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাসায় যাই। পরদিন সকালে এসে দেখি পাশের দোকানের দেয়াল কেটে শোকেজ থেকে প্রায় ১২৫ ভরি স্বর্ণালংকার এবং ক্যাশবাক্সে থাকা পৌনে তিন লাখ টাকা নিয়ে গেছে।

দোকানের উত্তর পাশে দেয়ালের নিচের অংশ ভাঙা অবস্থায় পাওয়া গেছে। ভেতরে প্রবেশ করে পাকা দেয়াল কাটার নানা ধরনের সরঞ্জাম পাওয়া গেছে বলেও উল্লেখ করেছেন দোকান মালিক।

আরও পড়ুন
Web_Image-Recovered

বনশ্রীতে রহস্যময় পরিবার, ৫ বছর ধরে ঘর থেকে বের হন না মা ও দুই ছেলে!

এজাহারে আরও বলা হয়েছে, দুই মাস আগে পাশের দোকানটি অজ্ঞাতনামা ৩-৪ ব্যক্তি শহিদুল ইসলাম রতনের কাছ থেকে থ্রিপিস ব্যবসার নামে ভাড়া নেয়। জাকির হোসেনের ধারণা, তারাই পূর্বপরিকল্পিতভাবে দেয়াল কেটে দোকানের ভেতরে গিয়ে এই স্বর্ণালংকার ও টাকা চুরির ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন গণমাধ্যমকে বলেন, কাপড়ের ব্যবসার নামে পাশের দোকান ভাড়া নেওয়া ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। ভুয়া কাগজপত্র দিয়ে দোকান ভাড়া নিয়েছিল তারা। 

তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

আরটিভি/আইএম