images

রাজধানী

রাতে দরজা খোলেননি মা, ভোরে গলিতে মিলল হিমুর মরদেহ

শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ , ০৬:৫২ পিএম

রাজধানীতে হিমু ওরফে কালু (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।  

শুক্রবার (১৭ অক্টোবর) ভোর পৌনে ৬টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ীর মেডিবাংলা হাসপাতালের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতের খালাতো বোনের স্বামী হাসান খান বলেন, যাত্রাবাড়ী মীরহাজীরবাগ এলাকায় পরিবারের সঙ্গে থাকত হিমু। তার বাবার নাম মিন্টু মিয়া। হিমু পেশায় কিছু করত না। সে নেশাগ্রস্ত ছিল। বেশ কয়েকদিন তাকে রিহ্যাবেও রাখা হয়েছিল।
 
তিনি আরও বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় বাসা থেকে বের হয় হিমু। এরপর রাত ২টার দিকে বাসায় ফিরে। তবে এতো রাতে বাসায় ফেরায় তার মা রেখা বেগম রাগ করে দরজা খোলেননি। এরপর শুক্রবার সকালে সংবাদ পান, নবীনগর রোডে কে বা কারা হিমুকে খুন করে ফেলে রেখেছে।

আরও পড়ুন
manik

মানিক মিয়া এভিনিউতে সংঘর্ষ, কী ঘটেছিল

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল রানা গণমাধ্যমকে বলেন, ভোরে ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে নবীনগর রোডের মেডিবাংলা হাসপাতালের একটি গলি থেকে হিমুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। তার মাথাসহ শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে।
 
তিনি আরও বলেন, পরিবার সূত্রে জানা গেছে সে মাদকাসক্ত ছিল। ধারণা করা হচ্ছে, মাদকাসক্ত কেউই তাকে খুন করতে পারে। তবে ঘটনাস্থলে একটি সিসি ক্যামেরা ছিল, সেটি ছিঁড়ে ফেলা হয়েছে। 

এসআই বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ও মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/আইএম