images

রাজধানী

জেনেভা ক্যাম্পের ‘শীর্ষ মাদক কারবারি’ বুনিয়া সোহেলকে গণধোলাই

রোববার, ৩০ নভেম্বর ২০২৫ , ১২:১৪ এএম

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের ‘শীর্ষ মাদক কারবারি’ বুনিয়া সোহেলকে গণধোলাই দিয়েছে ক্যাম্পের বাসিন্দারা। পরে সেনাবাহিনীর সদস্যরা সেখানে পৌঁছে তাকে হেফাজতে নেন।

শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যার পর গণপিটুনির ৪ নম্বর ব্লক থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ রফিকুল আহমেদ।

তবে স্থানীয় একাধিক সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় চুয়া সেলিম, পিচ্ছি রাজা, পারমনু ও শাহ আলমসহ তাদের গ্রুপের সদস্যরা ক্যাম্পের চার ও সাত নম্বর ব্লকে বুনিয়া সোহেলকে এলাপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ রফিকুল আহমেদ জানান, গণপিটুনির ঘটনায় সোহেল গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে হাসপাতালে যায় পুলিশ। তার অবস্থা গুরুতর বলে জানা গেছে।

এর আগে, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর জেনেভা ক্যাম্পে মাদক কারবারের আধিপত্য বিস্তার নিয়ে প্রায়ই শীর্ষ মাদক ব্যবসায়ী চুয়া সেলিম এবং বুনিয়া সোহেল গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বহুবার গোলাগুলির ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন হতাহত হন।

আরটিভি/কেএইচ