বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ , ০২:১৩ পিএম
রাজধানীর মোহাম্মদপুরে ২ হাজার টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে গৃহকর্মী আয়েশার হাতে মা–মেয়েকে হত্যার চাঞ্চল্যকর ঘটনার মূল অভিযুক্ত আয়েশা ও তার স্বামী রাব্বীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
ডিএমপি জানায়, গত ৮ ডিসেম্বর মোহাম্মদপুরের একটি বাসা থেকে লায়লা ফিরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজের (১৫) মরদেহ উদ্ধার করা হয়। পরদিন নিহত লায়লা ফিরোজের স্বামী স্কুলশিক্ষক আ জ ম আজিজুল ইসলাম গৃহকর্মী আয়েশাকে একমাত্র আসামি করে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।
পুলিশের তথ্য অনুযায়ী, গৃহকর্মী আয়েশা বাসা থেকে ২ হাজার টাকা চুরি করলে গৃহকর্ত্রী লায়লা ফিরোজ তা ধরে ফেলেন। এ নিয়ে দু’জনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এতে ক্ষিপ্ত হয়ে পরদিন আয়েশা পরিকল্পিতভাবে বাসা থেকে ছুরি এনে লায়লাকে হত্যা করে।
এ সময় লায়লার মেয়ে নাফিসা ঘুমিয়ে ছিল। মায়ের সঙ্গে ধস্তাধস্তির শব্দে তার ঘুম ভেঙে গেলে সে ইন্টারকমে দারোয়ানকে জানানোর চেষ্টা করে। পরিস্থিতি বুঝে ফেলায় আয়েশা তাকেও ছুরিকাঘাতে হত্যা করে।
অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম জানান, ঘটনার পর আয়েশাকে রাজধানী থেকে পালাতে সহযোগিতা করার অপরাধে তার স্বামী রাব্বীকেও গ্রেপ্তার করা হয়েছে। তারা দু’জনই বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন।
আরটিভি/এসকে