রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫ , ০১:২৫ পিএম
রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থান থেকে অনুপ্রাণিত সংগঠন ‘জুলাই রেভেলস’ এর সদস্য মোহাম্মদ রেজওয়ানের ওপর হামলার ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. মাসুম ও মো. ফাহিম খান।
জানা গেছে, শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে রাজধানীর উত্তরায় দুর্বৃত্তরা জুলাই রেভেলস সংগঠনের সদস্য মোহাম্মদ রেজওয়ানের ওপর হামলা চালায়। এতে তিনি আহত হলে দ্রুত তাকে কাছের একটি বেসরকারি হাসপাতাল পাঠানো হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার পর হামলাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় আজ ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করে উত্তরা পূর্ব থানা পুলিশ।
পুলিশ জানায়, মামলার সুষ্ঠু তদন্ত ও এজাহারনামীয় অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
আরটিভি/আইএম