images

রাজধানী

হাদিকে গুলি: গ্রেপ্তারকৃত মোটরসাইকেল মালিককে নিয়ে যা জানালো পুলিশ

রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫ , ০৪:১৯ পিএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গত ১২ ডিসেম্বর গুলি করা হয়। এ ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে রোববার (১৪ ডিসেম্বর) গ্রেপ্তার করে পুলিশের কাছে সোপর্দ করেছে র‍্যাব।

পুলিশ সূত্র জানায়, ওসমান হাদিকে যে মোটরসাইকেল থেকে গুলি করা হয়, সেটির মালিক সন্দেহে আবদুল হান্নান নামের এক ব্যক্তিকে রাজধানীর পল্টন থানায় সোপর্দ করা হয়েছে।

পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হারুন অর রশীদ বলেন, এই হত্যাচেষ্টায় জড়িত সন্দেহে র‍্যাব-২ আবদুল হান্নানকে আটক করে। পরে তারা তাকে তাদের কাছে হস্তান্তর করে।

এদিকে, হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তবে, এখনো তাদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রসঙ্গত, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। তিনি রাজধানীর এভায়ারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার পর থেকেই সারা দেশে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে।

আরটিভি/এএ