images

রাজধানী

যে বাসা থেকে বেরিয়ে হাদিকে গুলি, সেখানেই মিলল অস্ত্র-গুলি

বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ১১:৫৮ এএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বোনের বাসার পাশ থেকে ২টি ম্যাগাজিন ও ১১টি গুলি উদ্ধার করেছে র‍্যাব।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে র‍্যাব-২ এর গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক শামসুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, গোপন তথ্য ও সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে রাজধানীর আগারগাঁওয়ের কর্নেল গলিতে ফয়সাল করিমের বোনের বাসা ও পাশের ভবনের ফাঁকা স্থান থেকে ২টি ভরা ম্যাগাজিন, ১১টি গুলি এবং ১টি চাকু উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে ফয়সালের বোনের বাসা থেকে ১টি ট্যাব, ১টি অ্যান্ড্রয়েড মোবাইল, ১টি পুরোনো বাটন মোবাইল, ২টি জাতীয় পরিচয়পত্র, বিভিন্ন ব্যাংকের ১৫টি চেক বই, ৬টি পাসপোর্ট এবং বিভিন্ন ব্যাংকের হিসাবের ৩৮টি চেক উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফয়সালের বোনের বাসার আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, ফয়সাল করিম ও তার সহযোগী আলমগীর ঘটনার দিন বেলা ১১টার দিকে একটি মোটরসাইকেলে করে বাসা থেকে বের হয়ে যান। পরে বিকেল ৪টার দিকে ফয়সাল, আলমগীর এবং ফয়সালের মা ও ভাগিনাকে দুই ভবনের মাঝের ফাঁকা স্থান থেকে কিছু বের করতে দেখা যায়। পরবর্তীতে আবার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে ফয়সাল ও আলমগীর একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে চলে যান।

আরও পড়ুন
hadi0000

হাদিকে গুলির ঘটনায় শুটার ফয়সালকে নিয়ে আরও চাঞ্চল্যকর তথ্য দিলো র‍্যাব

এর আগে, গত শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রচার চালাচ্ছিলেন। তার অবস্থা আশঙ্কাজনক। 

ওসমান হাদিকে সোমবার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। তাকে হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় গত রোববার রাতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ জাবের বাদী হয়ে মামলা করেন। মামলায় ফয়সালসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। পরে মামলাটি ডিবিতে (ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ) হস্তান্তর করা হয়।

আরটিভি/আইএম