বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ০১:৫৬ পিএম
তেজগাঁও কলেজের ছাত্রাবাসে সংঘর্ষে গুরুতর আহত হয়ে সাকিবুল হাসান রানার মৃত্যুর পর ফার্মগেট এলাকায় বিক্ষোভ ও ব্লকেড কর্মসূচি ঘিরে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় ফার্মগেট ও কলেজ এলাকা পরিদর্শন করে দেখা গেছে, সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
তেজগাঁও কলেজের প্রধান ফটক, আশপাশের সড়ক ও গলি, ফার্মগেট মোড়সহ এলাকাজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। এতে বিক্ষোভ এবং সম্ভাব্য অবরোধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হচ্ছে।
শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, সংঘর্ষের ঘটনায় চিহ্নিত আসামিদের গ্রেপ্তারের ক্ষেত্রে প্রশাসন দেরি করছে। তারা দাবি করছেন, রাজনৈতিক প্রভাবের কারণে আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে না। তেজগাঁও কলেজের ছাত্র ফারহান আহমেদ বলেন, আমরা আজ বিক্ষোভ মিছিল করব, তবে ব্লকেড করবো না। মূল দোষীদের আইনের আওতায় আনা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।
গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে মাদক সেবনকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে সাকিবুল হাসান রানাসহ তিন শিক্ষার্থী আহত হন। আইসিইউতে চার দিন চিকিৎসাধীন থাকার পর ১০ ডিসেম্বর সাকিবুলের মৃত্যু হয়। ঘটনার পর থেকে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে এবং তারা দ্রুত ন্যায়বিচার দাবি করছেন।
পুলিশ ও কলেজ প্রশাসন বিষয়টি নিয়ন্ত্রণে রাখতে তৎপর, তবে শিক্ষার্থীদের দাবি ও প্রতিবাদ অব্যাহত রয়েছে।
আরটিভি/এসকে