বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ০৮:০৬ পিএম
রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যা করার ঘটনায় গৃহকর্মী আয়েশা আক্তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বুধবার (১৭ ডিসেম্বর) ছয় দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে তিনি নিজের দোষ স্বীকার করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপপরিদর্শক সহিদুল ওসমান মাসুম এর আবেদন অনুযায়ী ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম আয়েশার জবানবন্দি রেকর্ড করেন এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ ঘটনায় আয়েশার স্বামী রাব্বি শিকদারও ১৫ ডিসেম্বর দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ৫ ডিসেম্বর বাদী আজিজুল ইসলামের বাসায় আয়েশা খণ্ডকালীন গৃহকর্মী হিসেবে যোগ দেন। ৮ ডিসেম্বর সকালে আজিজুল কর্মস্থলে থাকার সময় তার স্ত্রী ও মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে আহত করা হয়। পরে বাসায় ফিরে গলাকাটা অবস্থায় স্ত্রীকে মৃত অবস্থায় ও মেয়েকে গুরুতর আহত অবস্থায় পান। হাসপাতালে নেওয়ার পর মেয়ের মৃত্যু হয়।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ৮ ডিসেম্বর সকালে ৭টা ৫১ মিনিটে আয়েশা বাসায় প্রবেশ করেন এবং ৯টা ৩৫ মিনিটে ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে বের হয়ে যান। ওই সময়ের মধ্যে মা-মেয়েকে হত্যা এবং বাসায় লুটপাট করা হয়।
পুলিশ ওই দম্পতিকে ১০ ডিসেম্বর ঝালকাঠির নলছিটি উপজেলার চরকয়া গ্রাম থেকে গ্রেফতার করে এবং পরদিন তাদের রিমান্ড মঞ্জুর করা হয়। মামলার তদন্ত চলছে।
আরটিভি/এসকে