বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬ , ০৪:৩৮ পিএম
রাজধানীর কলাবাগান থানা এলাকায় একটি গেস্ট হাউজে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। এ সময় অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে তিনজন তরুণ ও তিনজন তরুণী।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার (ডিসি) এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারদের নাম প্রান্ত গুপ্ত (২৮), পপি রানী (২৫), মো. মশিউর রহমান (২৭), সাদিয়া আফরিন (২৪), মো. হাসান (৩২) ও জান্নাতুল ফেরদৌস তিশা (২২) বলে জানা গেছে।
ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গত মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় কলাবাগান থানাধীন ৪০ লেকসার্কাস এলাকার শাহজালাল গেস্ট হাউজে অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপে লিপ্ত মোট ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৬ এর ৭৪ ধারায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে পাঠানো হয়েছে।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।
আরটিভি/এসএইচএম