শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬ , ০৪:৫৭ পিএম
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় দুই দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্ঙ্খলা বাহিনী। এর ফলে তীব্র ক্ষোভ দেখা যাচ্ছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে।
শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরা শপিংমল এলাকায় বিক্ষোভ করেছেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। সেখান থেকে তেজগাঁও থানার সামনে এসে অবস্থান নিয়ে দ্রুততম সময়ে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান তারা।
এদিকে, মুসাব্বির হত্যাকাণ্ড সংশ্লিষ্ট আরও একটি ভিডিও ফুটেজ এসেছে পুলিশের হাতে। এ নিয়ে জোর তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু মারমা বলেন, নতুন পাওয়া ভিডিও ফুটেজে শুটারদের চেহারা আরও স্পট। যা বিশ্লেষণ করে হত্যায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গত বুধবার (৭ জানুয়ারি) রাতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে দুর্বৃত্তরা। ওইদিন রাত সাড়ে ৮টার দিকে কারওয়ান বাজারের স্টার কাবাবের পেছনে পশ্চিম তেজতুরি বাজারের গলিতে এ ঘটনা ঘটে। পরে রাজধানীর বিআরবি হাসপাতালে নেওয়া হলে মারা যান তিনি।
আরটিভি/এসএইচএম