বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ , ০৪:৩৬ এএম
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাহেদুল হককে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে জুলাই অভ্যুত্থানে হামলার এজাহারভুক্ত এই আসামিকে গ্রেপ্তার করা হয়।
জাহেদুলের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম শাকপুরায়। তিনি স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য।
এর আগে, ২০২৫ সালের ৪ জুলাই রাতে চট্টগ্রাম নগরের চিটাগাং ক্লাবে একটি বিয়ের অনুষ্ঠানে জাহেদুল হকের উপস্থিতির খবের অনুষ্ঠানস্থল ঘেরাও করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ স্থানীয় লোকজন। এক পর্যায়ে তিনি সেখান থেকে বের হয়ে পরের দিনই বিদেশে চলে যান। সম্প্রতি তিনি দেশে ফেরেন।
পুলিশ সূত্র জানায়, জাহেদুল হকের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় একাধিক মামলা, ব্যাংক জালিয়াতি, রাজনৈতিক প্রভাব খাটানো ও জমি দখলের অভিযোগ রয়েছে।
পুলিশ আরও জানায়, জাহেদুল হকের বিরুদ্ধে চট্টগ্রামের পশ্চিম শাকপুরা এলাকায় অবস্থিত একটি মাদ্রাসার ১৫ কোটি টাকা আত্মসাৎ এবং বাড়ি ভাড়ার প্রায় ১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন তার সৎভাই নেছারুল হক। তারা সাবেক এই জনপ্রতিনিধির হাত থেকে রক্ষার জন্য বিভিন্ন সময়ে সংবাদ সম্মেলনও করেন। আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনেও কারচুপির অভিযোগ উঠেছিল।
চট্টগ্রামের পুলিশ সূত্র জানায়, জাহেদুল হক চট্টগ্রাম নগরীর বাকলিয়া ও খুলশী থানায় জুলাই অভ্যুত্থানে হামলার এজাহারভুক্ত আসামি। রাজধানীর ধানমন্ডি থানায়ও তার রিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ঢাকা ও চট্টগ্রামের আদালতে মামলা রয়েছে।
আরটিভি/কেএইচ