শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:১৭ পিএম
রাজধানীর শাহবাগে হাদি হত্যার বিচার দাবিতে চলমান বিক্ষোভ ও পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষের মধ্যেই আগামী নির্বাচন নিয়ে নিজেদের অনড় অবস্থানের কথা জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে সংগঠনটির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারা নিজেদের অবস্থান জানায়।
পোস্টে বলা হয়, নির্বাচন ১২ তারিখেই হবে এবং তা হতেই হবে। কোনোভাবেই নির্বাচন বানচাল করতে দেওয়া যাবে না।
আন্দোলনকারীরা দাবি করেছেন, হাদি হত্যার বিচারের সাথে নির্বাচনের কোনো বিরোধ নেই এবং নির্বাচন ভণ্ডুলের অপপ্রচারটি ভিত্তিহীন।
রাত ৯টার দিকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের নেতা আব্দুল্লাহ আল জাবের বলেন, শত সমস্যা থাকলেও ১২ তারিখে নির্বাচন হতে হবে। আমরা আর কোনো ভাইকে হারাতে চাই না। নির্বাচনের পর যে দলই ক্ষমতায় আসুক না কেন, তারা যদি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না করে তবে তার পরিণতি ভালো হবে না।
এদিকে বিকেল থেকে জুলাইযোদ্ধা ও তরুণ রাজনীতিবিদ শহিদ ওসমান হত্যার বিচার দাবিতে শাহবাগ এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনকারীরা যমুনার সামনে অবস্থান নিলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে মুহূর্মুহু সাউন্ড গ্রেনেড ছোড়ে, যার ফলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এক পর্যায়ে আন্দোলনকারীরা তিন ভাগে বিভক্ত হয়ে কাটাবন, মৎস্য ভবন এবং পুলিশ টেনিস ফেডারেশনের সামনে অবস্থান নেয়। সংঘর্ষের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মহিউদ্দিন রনিকে পুলিশের বেধড়ক মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উত্তেজনা আরও বাড়ে।
প্রত্যক্ষদর্শীদের মতে, বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা হাদি হত্যার দ্রুত তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে স্লোগান দিতে থাকলে এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পুলিশি অ্যাকশনের ফলে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আরটিভি/এআর