বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬ , ০৪:২৬ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ঢাকার ১ হাজার ৪০০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
বুধবার (১১ ফেব্রুয়ারি) ঢাকায় নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, নির্বাচন এবং গণভোটের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়। আজ সন্ধ্যার আগেই প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে কেন্দ্রগুলোতে ভোটের সরঞ্জামাদি পৌঁছে যাবে।
এখন পর্যন্ত নিরাপত্তার কোনো ঝুঁকি নেই জানিয়ে তিনি বলেন, আমরা কোনো চাপ অনুভব করছি না। এখন পর্যন্ত ৫২টি আচরণবিধি ভঙ্গের অভিযোগ এসেছে। সবগুলোই নিষ্পত্তি করা হয়েছে। তবে ঢাকার ১৩টি আসনে ১ হাজার ৪০০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলে বিবেচনায় রেখেছে নির্বাচন কমিশন। তাই এই প্রতিটি কেন্দ্রে স্বাভাবিকের চেয়ে বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।
এছাড়া ঢাকায় বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ৮০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য পর্যাপ্ত পুলিশ, র্যাব, বিজিবি এবং সেনাবাহিনীর সদস্য থাকবে বলেও জানিয়েছেন শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
তিনি আরও জানান, ঢাকার ৯০ ভাগ ভোটকেন্দ্র সিসিটিভির আওতাধীন থাকবে। বডি ওর্ন ক্যামেরা নিয়ে ২ জন আনসার সদস্য থাকবেন। তারা রিয়েল টাইম ফুটেজ আপলোড দেবেন।
আরটিভি/এমএইচজে