images

রাজধানী

ঢাকায় রমজান ও ঈদ ঘিরে বিশেষ ‘এস্কর্ট’ সেবা দেবে পুলিশ

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ , ০৫:০১ পিএম

পবিত্র রমজান ও ঈদুল ফিতর ঘিরে রাজধানীতে ব্যবসা-বাণিজ্য ও আর্থিক লেনদেন কয়েক গুণ বেড়ে যায়। সেইসঙ্গে বৃদ্ধি পায় চুরি-ছিনতাই ও প্রতারণার ঝুঁকিও। তাই এই সময়ে বড় অঙ্কের নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ‘এস্কর্ট’ সেবা দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে এই তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানিয়েছেন, রমজান মাস ও ঈদ সামনে রেখে রাজধানীতে ক্রয়-বিক্রয়, ব্যবসা-বাণিজ্য এবং নগদ অর্থ ও মূল্যবান দ্রব্যের লেনদেন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এই পরিস্থিতিতে কোনো ব্যক্তি, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বড় অঙ্কের নগদ অর্থ ও মূল্যবান দ্রব্য স্থানান্তরের ক্ষেত্রে পুলিশের সহায়তা প্রয়োজন মনে করলে ডিএমপির এস্কর্ট সেবা গ্রহণ করতে পারবেন। তবে, সেবাপ্রত্যাশী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিজস্ব যানবাহনের ব্যবস্থা করতে হবে।

আরও পড়ুন
Ec

সব ভোটকেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল ইসি

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট থানা অথবা ডিএমপির কন্ট্রোল রুমে যোগাযোগ করে আগাম তথ্য দিলে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

যোগাযোগের নম্বরগুলো : ২২৩৩৮১১৮৮, ০২৪৭১১৯৯৮৮, ০২৯৬১৯৯৯৯, ০১৩২০-০৩৭৮৪৫ এবং ০১৩২০-০৩৭৮৪৬। এছাড়া যেকোনো জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

নিরাপদ লেনদেন নিশ্চিত করতে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রয়োজন অনুযায়ী পুলিশের এই বিশেষ সহায়তা গ্রহণের জন্য ডিএমপির পক্ষ থেকে রাজধানীবাসীকে আহ্বান জানানো হয়েছে।

আরটিভি/এসএইচএম