images

রাজধানী

খুললো শিশু রিফাত হত্যা রহস্যের জট, মিললো চাঞ্চল্যকর তথ্য

শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:০৫ এএম

রাজধানীর কদমতলীর খানকাহ শরিফ এলাকায় মোবাইল ফোন চুরি নিয়ে বিরোধের জেরে সাত বছরের শিশু রিফাতকে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, হত্যার সঙ্গে জড়িত সন্দেহে তার প্রতিবেশী মায়া বেগম ওরফে লাবণিকে গ্রেপ্তার করা হয়েছে।

কদমতলী থানার ওসি শেখ আশরাফুজ্জামান জানান, মঙ্গলবার শিশুটির মা মুন্নি আক্তার থানায় এসে জানান, তার ছেলে খেলতে বের হয়ে ফেরেনি। পরে পুলিশের সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং তদন্ত শুরু হয়।

পরদিন বুধবার রাত আটটার দিকে গেন্ডারিয়ার লোহারপুল এলাকার ময়লার স্তূপ থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি শিশুর মা শনাক্ত করেন। পুলিশের তদন্তে সিসিটিভি ফুটেজ ও মরদেহের সঙ্গে থাকা পোশাকের সূত্র ধরে সন্দেহ স্পষ্ট হয়। শিশুটির বোন জানায়, ওই ধরনের কামিজ তার প্রতিবেশী মায়া বেগমের মেয়ের। পুলিশ মায়া বেগমের বাসায় গিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি হত্যার কথা স্বীকার করেন।

পুলিশ জানায়, দুই পরিবারের মধ্যে আগে থেকেই মোবাইল চুরির বিষয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন মায়া বেগম রিফাতকে খাবারের প্রলোভন দেখিয়ে বাসায় ডেকে নিয়ে যান। মোবাইল চুরি সংক্রান্ত জিজ্ঞাসাবাদের সময় শিশুটির মাথায় আঘাত লাগলে তার মৃত্যু হয়। এরপর তিনি মরদেহ ড্রামে ভরে ময়লার স্তূপে ফেলে দেন।

গ্রেপ্তার মায়া বেগম স্থানীয় একটি স্কুলে দপ্তরি হিসেবে কর্মরত। তার স্বামী একটি রিকশার গ্যারেজে কাজ করেন। নিহত রিফাতের বাবা জাহাঙ্গীর হোসেন পেশায় অটোরিকশাচালক।

আরটিভি/এসকে