রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬ , ০২:০৪ পিএম
চাঁদাবাজি ও ছিনতাই রোধের দাবিতে রাজধানীর মোহাম্মদপুরের আদাবর থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে চাঁদাবাজি ও ছিনতাইয়ের প্রতিকার চেয়ে থানা ঘেরাওয়ের পাশাপাশি সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন তারা।
জানা গেছে, শনিবার সন্ধ্যার পর আদাবরে চাঁদার জন্য এমব্রয়ডারি মালিক ও শ্রমিকদের কুপিয়ে আহত করে স্থানীয় সন্ত্রাসীরা। এ ঘটনার বিচার চাওয়ার পাশাপাশি চাঁদাবাজি ও ছিনতাই প্রতিরোধের দাবিতে ভুক্তভোগীসহ স্থানীয়রা রাতে আদাবর থানা ঘেরাও করেন। এ সময় তাদের নানা স্লোগান দিতে দেখা যায়।
এদিকে থানা ঘেরাও করে বিক্ষোভের বিষয়ে শনিবার রাত পৌনে ১টার দিকে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন মোহাম্মদপুরের সহকারী কমিশনার (এসি) মো. আবদুল্লাহ আল মামুন।
তিনি বলেন, আদাবরে চাঁদার জন্য এমব্রয়ডারি মালিক ও শ্রমিকদের কুপিয়ে আহত করার ঘটনার তদন্ত করছে পুলিশ। অপরাধী যারাই হোক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে।
আরটিভি/আইএম