বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:১৪ এএম
রাজধানীতে অভিযান চালিয়ে শতাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে ২টা পর্যন্ত মোহাম্মদপুর ও আদাবর এলাকায় এ অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিম।
পবিত্র রমজান মাসে জনসাধারণের নিরাপদে রোজা পালন এবং শান্তিপূর্ণভাবে ঈদুল ফিতর উদযাপন নিশ্চিত করতেই অভিযানটি পরিচালনা করা হয় বলে জানান থানা সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অভিযানে নেতৃত্ব দেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান।
এ সময় মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা, সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন ও সংশ্লিষ্ট থানার দুই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উপস্থিত ছিলেন।
ডিসি ইবনে মিজান গণমাধ্যমকে বলেন, চাঁদাবাজ ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য কমাতে মোহাম্মদপুর ও আদাবর থানার যৌথ অভিযানে বিভিন্ন পর্যায়ের শতাধিক অপরাধীকে আটক করা হয়েছে। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে, যাতে এলাকায় কিশোর গ্যাং, চাঁদাবাজ ও ছিনতাইকারীরা পুনরায় সক্রিয় হতে না পারে।
আরটিভি/আইএম