বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , ০৫:২০ পিএম
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মাহমুদা আক্তার ওরফে জেরিন (২৭) নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থী ছিলেন।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমাউল হক বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জানান, মাহমুদা বসুন্ধরা আবাসিক এলাকার সি-ব্লকের একটি বাসায় ভাড়া নিয়ে থাকতেন। দীর্ঘ সময় ধরে ভেতর থেকে দরজা বন্ধ দেখে পাশের কক্ষের শিক্ষার্থীরা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে কক্ষের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে। সে সময় ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় লাশটি পাওয়া যায়।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভাটারা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল ওয়াদুদ সহপাঠীদের বরাত দিয়ে বলেন, মাহমুদা মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হতাশা থেকেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
নিহত মাহমুদার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলায়। তার বাবার নাম খোরশেদ আলী।
আরটিভি/এসকে